গোপালগঞ্জের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২টি স্থগিত
- আপডেট সময় : ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ জেলায় মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান শনিবার বিকেলে (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঋণ খেলাপি থাকা, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি এবং বিভিন্ন আইনি ত্রুটির কারণে এসব মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিস্তারিত:
গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার অংশ)
এ আসনে ১৩টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম, আশ্রাফুল আলম, এবি পার্টির প্রার্থী মো. প্রিন্স আল আমিন এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়ন।
গোপালগঞ্জ-২ আসন (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার অংশ)
এ আসনে জমা পড়া ১৩টি মনোনয়নের মধ্যে বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, রনি মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মো. সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাসের মনোনয়ন।
গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা)
এ আসনে ১২টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়ন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ এবং স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে, তারা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি গোপালগঞ্জের তিনটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।















