চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
- আপডেট সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে জনগণের দোরগোড়ায় ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য ছিল জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা নিরাপদ ভূমি ও সমৃদ্ধ দেশ।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা। জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে এবং জনগণের কাছে দ্রুত ও কার্যকর রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, জনগণকে সেবা প্রদান কোনো করুণা নয়, এটি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। প্রযুক্তিনির্ভর, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
তিনি আরও বলেন, প্রচলিত আদালতের পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মতো আইনানুগ পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নানা সেবা বিষয়ে জনগণকে তথ্য ও সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।











