মাদারীপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ব্যারিস্টার শাকির উদ্দিন আহমেদ বাপ্পি
- আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাদারীপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন ব্যারিস্টার শাকির উদ্দিন আহমেদ বাপ্পি। বাংলাদেশ জাতীয় রিপোর্টার্স ক্লাব, মাদারীপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক, সমাজসেবক ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের আইকন জনাব হাসান আহম্মেদের আমন্ত্রণে তিনি মাদারীপুরে আগমন করেন।
এ উপলক্ষে জেলার মহিষের চর এলাকার পাকা মসজিদ প্রাঙ্গণে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে ব্যারিস্টার শাকির উদ্দিন আহমেদ বাপ্পি বলেন, মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
মাদারীপুর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয় রিপোর্টার্স ক্লাব, মাদারীপুর জেলা শাখা কার্যালয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার শাকির উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও কলমসৈনিক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের নিষ্ঠা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে ব্যারিস্টার শাকির উদ্দিন আহমেদ বাপ্পিকে মাদারীপুরে আগমনের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

















